বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাস্থ আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় তিনি এ সাক্ষাৎে যান। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী।
তবে হঠাৎ কী বিষয়ে হেফাজত আমিরের সাথে সাক্ষাৎ করেছেন, সে ব্যাপারে সাংবাদিকের সাথে কোন কথা বলতে রাজি হননি লায়ন আসলাম চৌধুরী। এসময় আসলাম চৌধুরী ও সরওয়ার আলমগীর হেফাজত আমিরের সাথে কিছুক্ষণ একান্ত আলাপ করতে দেখা যায়।
বৈঠকের বিষয়ে সরওয়ার আলমগীর বলেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আমরা গিয়েছিলাম। হেফাজতের সঙ্গে জামায়াতের যে ঐক্য হওয়ার গুঞ্জন উঠেছে, সেটির কোনো সম্ভাবনা নেই বলে হেফাজত আমির আমাদেরকে নিশ্চিত করেছেন। বরং বিএনপির সঙ্গেই হেফাজতের জোট হবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। হেফাজত আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দ্রুত দেশে ফিরে জাতির হাল ধরতে পারেন, সেজন্য দোয়া করেছেন। পাশাপাশি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও আলোচনা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, সলমান মনজু, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, মহিউদ্দিন আজম তালুকদার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. মোরসালিন উদ্দিন, তাহের সিদ্দিকী, আবু কালাম আজাদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুনসুর চৌধুরীসহ ফটিকছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।