চট্টগ্রাম বুলেটিন

গাজায় নতুন সরকার প্রধান আলী আবদেল হামিদ শাহ

গাজা উপত্যকার প্রশাসন পরিচালনার জন্য একটি বেসামরিক টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই সরকার গঠনের খবর প্রকাশ করেছে মিসরের রাষ্ট্রীয় সম্প্রচার সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ চ্যানেল। নতুন সরকারের প্রধান হয়েছেন প্রকৌশলী আলী আবদেল হামিদ শাথ। তিনি এর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাত্তাহ-নেতৃত্বাধীন ফিলিস্তিনিয়ান অথরিটি সরকারের উপপরিকল্পনামন্ত্রী ছিলেন।

এই ন্যাশনাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি) গঠনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে মিসর ও কাতার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুযায়ী, গাজার চূড়ান্ত শাসনক্ষমতা থাকবে ‘বোর্ড অব পিস’ নামের একটি পরিষদের হাতে। ওই পরিষদের প্রধান হিসেবে ট্রাম্প নিজেই দায়িত্ব পালন করবেন। বোর্ড অব পিসের নির্দেশনা অনুসারেই এনসিএজি সরকার পরিচালিত হবে।

বোর্ড অব পিসের নির্বাহী প্রতিনিধি হিসেবে মিসরে অবস্থান করবেন বুলগেরিয়ার সাবেক প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী নিকোলাই ম্লাদেনভ। এনসিএজি প্রধান আলী আবদেল হামিদ শাথ গতকাল কায়রোতে তার সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।

এনসিএজি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এই সরকারের নিম্নপর্যায়ের প্রশাসনে পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রভাব থাকবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। প্রায় দুই বছর ধরে চলা এই অভিযানে ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন।

২০২৫ সালের ৩০ এপ্রিল যুদ্ধ অবসানের লক্ষ্যে ২০ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও হামাস উভয় পক্ষ সম্মতি দেওয়ার পর ১০ অক্টোবর থেকে পরিকল্পনাটি কার্যকর হয়। তিন ধাপে বিভক্ত এই পরিকল্পনার দ্বিতীয় ধাপেই গাজায় টেকনোক্র্যাট সরকার গঠন এবং হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

Tags :

সর্বশেষ