Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

যথাযথভাবে যাকাত বণ্টন করা গেলে সমাজে অর্থনৈতিক বৈষম্য হ্রাস পাবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম প্রধান ভিত্তি। কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত এই পাঁচটি ভিত্তির ওপরই ইসলামের কাঠামো প্রতিষ্ঠিত। রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। রোজা হচ্ছে সম্প্রীতির মাস, ভালোবাসার মাস। একে অপরকে সহযোগিতা করার মাস। এই রমজান মাসে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনতে যাকাত ব্যবস্থার সঠিক বাস্তবায়ন অত্যন্ত জরুরি। যথাযথভাবে যাকাত আদায় ও বণ্টন নিশ্চিত করা গেলে সমাজে অর্থনৈতিক বৈষম্য অনেকাংশে হ্রাস পাবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর পাঁচলাইশস্থ একটি কনভেনশন হলে তিনি এসব কথা বলেন৷ নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালের উদ্যোগে চট্টগ্রাম নগরীতে কর্মরত চিকিৎসকদের সম্মানার্থে ওই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়৷
তিনি জানান, আগামী মার্চ মাসে কোলোরেক্টাল সার্জারি বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে পুরো মার্চ মাসজুড়ে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে নীল রঙে সজ্জিত করার আহ্বান জানান তিনি। যেমনভাবে অক্টোবর মাসে ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় পিংক রঙ ব্যবহৃত হয়েছিল, তেমনি কোলোরেক্টাল সচেতনতার প্রতীক হিসেবে ব্লু কালার ব্যবহারের অনুরোধ জানান মেয়র।
চসিক মেয়র পার্কভিউ হাসপাতালের বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ২০১৯ সালের অক্টোবর মাসে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচিতে হাসপাতালটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করেছে, যা ছিল প্রশংসনীয় উদ্যোগ। তিনি বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সময়। এ মাস মানুষকে আত্মসংযম, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতার শিক্ষা দেয়। সিয়াম সাধনার মাধ্যমে ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠা করা সম্ভব। রমজানের শিক্ষা ধারণ করে একটি সুস্থ, সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।
পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকরা অংশ নেন। পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান ডা. একে এম ফজলুল হকের সভাপতিত্বে ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক একেএম আব্দুল কাদের।
এতে বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ডা. আবু নাসের, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী।
Tags :

সর্বশেষ