টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা শাখা।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টায় নগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের আল মাদানী রোড এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ও কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে বলেন, “জামায়াত কাউকে ত্রাণ দেয় না; মানুষের বিপদে পাশে থাকা আমাদের দায়িত্ব, আর সহযোগিতা পাওয়া আপনাদের অধিকার। এটি সামান্য উপহার, আপনারা গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ থাকব।”
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও সামাজিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
স্থানীয় ওয়ার্ড সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার এবং খুলশী ওয়ার্ড জামায়াতের সভাপতি ইমরান সিকদার।
এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, কর্মী ও এলাকাবাসী অংশ নেন। তারা বলেন, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।