দেশের দ্বিতীয় বৃহত্তম আলোকচিত্র সংগঠন ‘চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি’ (সিপিএস)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আলোকচিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ মৃণাল সরকার এবং সাবেক সভাপতি, প্রথিতযশা আলোকচিত্রী মোরতজা তৌফিকুল ইসলামের স্মরণে এক আবেগঘন স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ জুলাই (শুক্রবার) নগরীর স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি গ্যালারিতে সোসাইটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও সিপিএস-এর সভাপতি শোয়েব ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সভাপতি এবং স্মরণসভা উদযাপন পরিষদের আহ্বায়ক আলোকচিত্রী অনুজ কুমার বড়ুয়া।
স্মরণসভায় দেশের আলোকচিত্র আন্দোলনকে বেগবান করতে এবং নিজেদের অনন্য শিল্পকর্মের মাধ্যমে শিল্পকলা অঙ্গনে বিশেষ অবদানের জন্য এই দুই কীর্তিমান আলোকচিত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তাঁদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সিপিএস-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আলোকচিত্রী মউদুদুল আলম, সাহিত্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও লতীফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, সাবেক সভাপতি মাইনুল আনাম ও সাবেক সভাপতি বাসব শীল, সহ-সভাপতি সোলেমান সায়মন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম, প্রদর্শনী সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী মিঠু, বিশিষ্ট আলোকচিত্রী কমল দাশ ও এলেন ভট্টাচার্যসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত দুই গুণী শিল্পীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর শোকাবহ পরিবেশে রবীন্দ্রনাথ ঠাকুরের শোকগীতি পরিবেশন করেন দেশের বরেণ্য লোকব্রতী দিলীপ বড়ুয়া। স্মৃতিচারণ পর্বের প্রারম্ভে দুই প্রথিতযশা আলোকচিত্রীর জীবনী পাঠ করে শোনান রেবা বড়ুয়া ও হাবীব চৌধুরী মিঠু।
স্মরণসভায় বক্তারা বলেন, মৃণাল সরকার ও মোরতজা তৌফিকুল ইসলাম কেবল ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না; তাঁরা চট্টগ্রামে আলোকচিত্র শিল্পকে তরুণ প্রজন্মের কাছে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ছড়িয়ে দিতে কাজ করে গেছেন। তাঁদের জীবন ও কর্ম নতুন আলোকচিত্রীদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।