চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামে ব্যস্ততম সড়কের একপাশে চলছিল উন্নয়ন কাজ, অন্যপাশে ধ্বসে গর্ত

চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকায় ব্যস্ততম সড়কের একপাশে চলছিল সিডিএ’র জলাবদ্ধতা প্রকল্পের উন্নয়ন কাজ। আরেক পাশে একই সড়কের এক পাশ ধ্বসে গিয়ে বড় ধরণের গর্তের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর হিজড়া খালের প্রবর্তক সেতুর অংশে এ ঘটনা ঘটে। এতে সড়কের ওই অংশে যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের পর হঠাৎ করেই প্রবর্তক মোড় থেকে চমেক হাসপাতালের দিকে যাওয়ার পথে ব্রিজের পার্শ সড়ক ধ্বসে পড়ে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন পাশ্ববর্তী দোকানের ব্যবসায়ীরা। লালফিতা দিয়ে ধ্বসে যাওয়া অংশ ঘেরা দেওয়া হয়েছে। বালুর বস্তা দিয়ে ভরাট করার চেষ্টা করেছেন সিডিএ’র প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা। এতে প্রবর্তক মোড় থেকে চকবাজারমুখী চার লেনের মধ্যে দুটি লেনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  এ কারণে ওই সড়কে চলাচলকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

সূত্র জানায়, ধ্বসে যাওয়া সড়কের পাশে হিজড়া খালে ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রতিরোধ দেওয়াল নির্মাণ করা হচ্ছে। বর্তমানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। জলাবদ্ধতা প্রকল্পের আওতায় প্রবর্তক মোড়ে হিজড়া খালের ওপর একটি সেতু প্রায় তিন বছর আগে নির্মাণ করা হয়েছিল।

সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন বলেন, কী কারণে সড়কটি দেবে গেছে, তা এখনো জানা যায়নি। আপাতত বালুর বস্তা ফেলে ভরাট করা হচ্ছে। বৃষ্টি থামলে পুরো অংশ সংস্কার করা হবে।

Tags :

সর্বশেষ