চট্টগ্রাম বুলেটিন

জনগণ পাশে থাকলে ৭ নম্বর ওয়ার্ডের সেবক হতে চাই: সাইফুল ইসলাম সাইফ

জনগণ পাশে থাকলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সেবক হিসেবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফ।

গতকাল সোমবার রাতে মহানগরের বার্মা কলোনী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়  আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম সাইফ বলেন, “আমি পদের লোভী নই, জনগণের ভালোবাসার কাঙাল। আপনারা যদি আমার পাশে থাকেন, তবে আমি আগামীতে ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নে একজন সেবক হিসেবে নিজেকে উৎসর্গ করতে চাই।”

হঠাৎ করেই নগরে আওয়ামী লীগের মিছিল সম্পর্কে তিনি বলেন, ৫ আগস্টের পর তারা গা ঢাকা দিলেও এখনও আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কিছু নেতা আড়ালে থেকে এসব মিছিলের নেতৃত্ব দিচ্ছে৷ যেহেতু আওয়ামী লীগ আইনগতভাবে নিষিদ্ধ সংগঠন তাই তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেবে৷ উনারা দেখবেন, কারা এসব করছে,  কারা কারা এসবে জড়িত। এসময় উপস্থিত ছিলেন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সবুজ, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন ও ছাত্রদলের সংগঠক মো. ফাহিম।

জানা যায়, গতকাল সোমবার রাতে হিলভিউ আবাসিকের বার্মা কলোনীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বার্মা কলোনীতে একটি দোয়া, মিলাদ মাহফিল, খতমে কোরআন ও মেজবানীর আয়োজন করেন সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফ। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবার মাঝে মেজবানী আপ্যায়ন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Tags :

সর্বশেষ