Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

মাত্র ৭০ টাকায় ১৫০০ বই পড়ার সুযোগ!

ছাকিবুল ইসলাম আকিব

একটি বই কিনতেই যেখানে দু’শো থেকে হাজার টাকাও খরচ হয়। অথচ মাসে মাত্র ৭০ টাকায় দেড় হাজারের বেশি বই পড়ার সুযোগ দেওয়া হচ্ছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিলছে এমন সুযোগ। ‘প্যারাডাইস লাইব্রেরি’ নামে একটি ভ্রাম্যমাণ লাইব্রেরি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিচ্ছে জ্ঞানের বিশাল ভাণ্ডার। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বই কিনে পড়তে না পারা শিক্ষার্থীদের জন্য এটি হয়ে উঠেছে এক ব্যতিক্রমী উদ্যোগ।

২০২৫ সালের নভেম্বর মাসে যাত্রা শুরু করে প্যারাডাইস লাইব্রেরি। বর্তমানে এটির সংগ্রহে রয়েছে ১৫০০’র বেশি বই। উপন্যাস, ইতিহাস, অনুবাদ, আত্মউন্নয়ন, ধর্মীয় বইসহ বিভিন্ন বিষয়ের সমৃদ্ধ সংগ্রহ রয়েছে এখানে। ফলে পাঠকের রুচি ও আগ্রহ অনুযায়ী বই বেছে নেওয়ার সুযোগও তৈরি হয়েছে।

এই উদ্যোগের পেছনের কারিগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবি উল্লাহ ভূঁইয়া নাঈম। তাঁর এক বন্ধুর আর্থিক সহযোগিতায় মাত্র ৪০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু হয় ভ্রাম্যমাণ এই লাইব্রেরির পথচলা। শুরুতে স্বল্প পরিসরে যাত্রা হলেও বর্তমানে এর সদস্যসংখ্যা প্রায় ১৫০ থেকে ২০০ জন।

উদ্যোক্তা রবি উল্লাহ ভূঁইয়া নাঈম বলেন, ” আমাদের প্লাটফর্মটা খুব ইন্টারেস্টিং, যেটা আমার মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো গঠন করা হয়েছে। আমাদের প্লাটফর্মের উদ্দেশ্য হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেক স্টুডেন্ট আছে যারা উচ্চমূল্যের কারণে বই পড়তে পারেনা। তাই আমরা এমন একটা সিদ্ধান্ত নিয়েছি, যেন তারা এই প্যারাডাইস লাইব্রেরি থেকে বই ধার নিয়ে পড়তে পারবে এবং ফেরত দিয়ে আবার বই নিতে পারবে।”

এই উদ্যোগ শিক্ষার্থীদের কাছেও ইতিবাচক সাড়া ফেলেছে দাবি করে লাইব্রেরির এক সদস্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বই পড়ার সুযোগ থাকলেও বাসায় নিয়ে পড়া যায় না। প্যারাডাইস লাইব্রেরি আমাদের সেই সুযোগটা দিচ্ছে। এখানে থ্রিলার, ইসলামিক, উপন্যাস, অনুবাদমূলক বইসহ নানা রকম বই পড়ে আমি আনন্দিত।”

আরেকজন সদস্য বলেন, এখানে সবথেকে বড় সুবিধা হচ্ছে আমরা অল্প টাকায় অনেক বই পড়তে পারছি। একটা মাসে আমরা সাবস্ক্রিপশন দিয়ে যতো ইচ্ছে ততো বই পড়তে পারছি। আর অনেক বলতে পারেন যে, এখনতো পিডিএফ আছে, আসলে হার্ড কপি পড়ে যে মজাটা পাওয়া যায় তা কখনও পিডিএফ পড়ে পাওয়া যায় না।

উদ্যোক্তারা জানান, লাইব্রেরির কার্যক্রমও বেশ সহজ। প্রথমে ৭০ টাকা দিয়ে সদস্যপদ গ্রহণ করতে হয়। এরপর প্রতি মাসে ৭০ টাকা মাসিক ফি প্রদান করে সদস্যরা ইচ্ছেমতো বই পড়তে পারবেন। সপ্তাহে দুই দিন (রবিবার ও বুধবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সদস্যদের জন্য নির্ধারিত বই নিয়ে বসেন উদ্যোক্তারা। সেখান থেকেই বই সংগ্রহ ও ফেরত দেওয়া যায়।

বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলছেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে যখন বই পড়ার অভ্যাস অনেকটাই কমে যাচ্ছে, তখন এমন একটি উদ্যোগ নতুন করে পাঠাভ্যাস গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাচ্ছে। অল্প খরচে জ্ঞানের বিশাল ভাণ্ডার শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিয়ে প্যারাডাইস লাইব্রেরি প্রমাণ করেছে-ইচ্ছা থাকলে সীমিত সামর্থ্য দিয়েও বড় পরিবর্তনের সূচনা করা সম্ভব।

এএম

Tags :

সর্বশেষ