চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১০ দলীয় জোটের প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলা উদ্দিন শিকদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।
বুধবার নির্বাচনি অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ নোটিশ জারি করেন।
জানা গেছে, আসনটির বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশার পক্ষে তার প্রধান নির্বাচনি এজেন্ট মো. আলমগীর হোছাইন একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ আইনি পদক্ষেপ গ্রহণ করে।
নোটিশে উল্লেখ করা হয়, অভিযুক্ত প্রার্থী নির্বাচনি আচরণবিধি অমান্য করে তার প্রচার কাজে ব্যবহৃত গাড়িতে বিধি-বহির্ভূতভাবে পিভিসিতে ছাপানো ব্যানার ব্যবহার করেন এবং ২০টির বেশি ডিজিটাল বিলবোর্ড স্থাপন করেন। এছাড়া প্রচারণার সময় একসঙ্গে ১২টি মাইক (লাউডস্পিকার) ব্যবহারের অভিযোগও আনা হয়েছে।
কর্তৃপক্ষের মতে, এসব কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধির ৭(খ) ও ১৭(১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে আলা উদ্দিন শিকদারকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে— কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না অথবা নির্বাচন কমিশনে প্রয়োজনীয় সুপারিশ পাঠানো হবে না।
ইতোমধ্যে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নোটিশটি সংশ্লিষ্ট প্রার্থীর কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং জারিকৃত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে বিষয়টি অবহিত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অনুলিপি পাঠানো হয়েছে।