বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও জ্ঞান বিনিময়ের অংশ হিসেবে চিন সরকারের বিশেষ ব্যবস্থাপনায় আনহুই প্রদেশের লু’আন শহর সফর করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ২০ সদস্যের প্রতিনিধি দল। এই দলে যুক্ত হয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। সফরকালে তিনি চীনের বিখ্যাত ভেষজ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘জিউক্সিয়ানজুন হুওশান ডেনড্রোবিয়াম কো. লিমিটেড’ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছেন। ঐতিহাসিক প্রতিষ্ঠানটি পরিদর্শন শেষে নিজের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করেছেন সাঈদ আল নোমান।
তিনি ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন, জিউক্সিয়ানজুন হুওশান ডেনড্রোবিয়াম মূলত ‘ডেনড্রোবিয়াম হুওশানেনস’ (যা স্থানীয়ভাবে ‘হুওশান শিহু’ নামে পরিচিত) নামক বিরল প্রজাতির অর্কিড বা ভেষজ উদ্ভিদের গবেষণা, চাষাবাদ এবং পণ্য উন্নয়নের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। আমি প্রতিষ্ঠানটির ল্যাবরেটরি এবং চাষাবাদ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কীভাবে এই প্রাচীন ভেষজ উদ্ভিদকে বাণিজ্যিক ও চিকিৎসায় যেভাবে ব্যবহারযোগ্য করা হচ্ছে তা আসলেই মুগ্ধ হওয়ার মতো।
তিনি আরও লিখেন, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাবিদ্যায় (TCM) এই ‘ডেনড্রোবিয়াম’ একটি অত্যন্ত মূল্যবান এবং দুর্লভ উপাদান হিসেবে বিবেচিত। প্রাচীনকাল থেকেই এর নানাবিধ স্বাস্থ্যগত উপকারিতার জন্য এটি সমাদৃত। এর প্রধান কিছু গুনাগুণ হলো: দৃষ্টিশক্তি বৃদ্ধি, চোখের ক্লান্তি দূর করতে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে এটি কার্যকর ভূমিকা রাখে। এছাড়াও পাকস্থলীর সুরক্ষা দিতে কাজ করে। এটি শরীরের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখতে সহায়ক।
সাঈদ আল নোমান জানান, চীনে প্রতিনিধি দলের এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত খুলে দিচ্ছে। কৃষি ও ভেষজ ওষুধের ক্ষেত্রে চীনের এই উন্নত প্রযুক্তি এবং গবেষণা বাংলাদেশের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ হতে পারে। এই ধরনের সফর দুই দেশের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান আদান-প্রদান এবং স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করছি।