চট্টগ্রাম বুলেটিন

জীবনসায়াহ্নে মহিলাদলের ত্যাগী নেত্রী রাহেলা বেগম, পাশে দাঁড়ালেন সাঈদ আল নোমান, এমপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগর মহিলা দলের এক সময়ের রাজপথ কাঁপানো ত্যাগী নেত্রী বেগম রাহেলা জামান বর্তমানে গুরুতর অসুস্থ। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নিবেদিতপ্রাণ কর্মী গড়ার এই কারিগরের দুর্দিনের খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জনাব সাঈদ আল নোমান।
পারিবারিক সূত্রে জানা যায়, রাহেলা জামান বর্তমানে বেশ সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। ব্যক্তিগত জীবনে কোনো পুত্রসন্তান নেই এবং স্বামীও গত হয়েছেন অনেক আগে। তিনি বর্তমানে নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একসময় চট্টগ্রামের পাঁচলাইশস্থ তার বাসভবন ছিল জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর প্রাণকেন্দ্র। অষ্টম-নবম শ্রেণিতে পড়া তরুণ একঝাঁক ছেলে-মেয়েকে তিনি নিজের সন্তানের মতো আগলে রেখে রাজনীতি ও সংস্কৃতির পাঠ দিয়েছেন।

সাবেক সাংগঠনিক সম্পাদিকা গুলজার বেগম স্মৃতিচারণ করে বলেন, “আমরা যখন ছোট, তখন আন্টি নিজের খরচে আমাদের নাস্তা ও গাড়ি ভাড়া দিয়ে মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি ও সাতকানিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে জাসাসের প্রোগ্রাম করতে নিয়ে যেতেন। উনার মেয়ে শম্পা ও নিপাও আমাদের সাথে সক্রিয় ছিল। এমনকি জনাব আব্দুল্লাহ আল নোমান (প্রয়াত মন্ত্রী)  ভাইও উনাকে অত্যন্ত সম্মান করতেন।” রাহেলা জামানের এই অসুস্থতার সংবাদ পাওয়া মাত্রই চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান তার প্রতিনিধির মাধ্যমে অসুস্থ নেত্রীর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

তৃণমূলের এই নেত্রীর প্রতি সাঈদ আল নোমানের এমন ব্যক্তিগত সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াকে সাধুবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক ও বর্তমান নেত্রীবৃন্দ। তারা মনে করেন, দলের দুঃসময়ের কাণ্ডারিদের প্রতি এমন সম্মান প্রদর্শন কর্মীদের মনে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করবে।

Tags :

সর্বশেষ