চট্টগ্রাম বুলেটিন

ডাকসু-জাকসু’র মতো জাতীয় নির্বাচনেও জামায়াত জয়লাভ করবে: রফিকুল ইসলাম

ডাকসু ও জাকসু’র মতো জাতীয় নির্বাচনেও জামায়াতে ইসলামী জয়লাভ করে ক্ষমতায় যাবে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নগরের আন্দরকিল্লায় চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াত এই কর্মসূচীর আয়োজন করে।

তিনি বলেন, মিথ্যাচার করে আর দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। জুলাইয়ে দুই হাজার মানুষ জীবন দিয়েছে। ৪০ হাজার মানুষ আহত হয়েছে। জুলুম-নির্যাতন সহ্য করে, ত্যাগ-কুরবানীর বিনিময়ে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছে জনগণ। হাসিনার বিচারক, মন্ত্রী, এমপি থেকে শুরু করে ফ্যাসিবাদী দলের সবাই পালিয়েছে। স্বাধীনের পর তিনটি দল এই দেশকে শাসন করেছে। একটি দল আওয়ামী লীগ ফ্যাসিবাদী হয়ে জনগণের আন্দোলনের মুখে পতন হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আরেকটি দল অতিরিক্ত দালালির কারণে রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। আরেকটি দল বাংলাদেশকে অতিতে ক্ষমতায় থাকতে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। ৫ আগস্টের পর থেকে তারা চাঁদাবাজি, বালু, ইট-পাথর খাওয়া শুরু করে। সেগুলো খাওয়া শেষে এখন তারা দেশের মানচিত্র খাওয়া শুরু করেছে। ৫ আগস্টের পর নিজেদেরকে বাংলাদেশের মালিক মনে করতে শুরু করেছিল সেই দলটি। কিন্তু দেশের মানুষ যে আগের জায়গায় নাই এটা খেয়াল ছিল না তাদের।

তিনি আরও বলেন, সেই দলটি মনে করেছে তারা ক্ষমতায় চলে গেছে। ক্ষমতায়তো সেই দল যাবে যেই দলকে জনগণ ভোট দেবে। আপনারা ইতিমধ্যে টের পান নাই ডাকসু-জাকসুতে কি হয়েছে।

জামায়াতের এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ডাকসু নির্বাচনের আগে সেই দলের এক নেতাকে টিভি টকশোতে প্রশ্ন করা হলো তিনদিন পর ডাকসু নির্বাচন। কি বুঝছেন। তিনি উত্তরে বললেন, ছাত্রদল পূর্ণ প্যানেলে জয়লাভ করবে। ছাত্রদল ছাড়া ভোট আর কাকে দেবে। ওনাদের ভাব এমন যে দেশে ওনাদের দল ছাড়া ভোট দেওয়ার আর দল নেই। শিবির যেই ভোট পেয়েছে সকল দলের ভোটও সেটার ধারেকাছে পৌঁছেনি।

আগামী নির্বাচনে জাকসু-ডাকসুর মতোই দেশের মানুষ নিবর বিপ্লব ঘটাবে। জামায়াত সরকার গঠন করে ক্ষমতায় যাবে।

এসময় তিনি বলেন, ড. ইউনূস ক্ষমতায় আসার সময় গণহত্যার বিচার, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা, লেবেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করে বিশ্বের সেরা নির্বাচন উপহার দেওয়া, সংবিধানের মৌলিক সংস্কার করার অঙ্গিকার করেছিলেন। এখন অনেকেই বলেন ড. ইউনূস একটি সরকার একটি দলের পকেটে ঢুকে গেছে। আমরা সেটি বিশ্বাস করতে চাইনা। তবে আমরা বিশ্বাস করি তার আশেপাশে যারা রয়েছে তারা একটি দলের পকেটে ঢুকে পড়েছে। তারা দেশকে আবারও বিপদগামী করার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা পরিস্কার করে বলতে চাই বাংলাদেশে আর আওয়ামী মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, অনেক নেতা বলছেন, কেউ কেউ রাস্তায় মিছিল করতেছে। আমি সেই বন্ধুকে বলতে চাই আপনিতো ছিলেন বিদেশে। আপনি আরাম-আয়েশে বাংলো বাড়িতে ছিলেন। সেটি পুরো দুনিয়ার মানুষ জানে। দুনিয়ার মানুষ এটাও জানে রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছি। ঠিক একইভাবে আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই পাঁচ দফা দাবি আদায় করে বিশ্বের সেরা নির্বাচনের পরিবেশ নিশ্চিত করব।

অনেক রাজনৈতিক বন্ধু বলছেন, আমরা নাকি কর্মসূচী দিয়ে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছি। আমরা তাদেরকে ধিক্কার জানাই। জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীকালও যদি নির্বাচন হয় এই শর্ত পূরণের মাধ্যমে জামায়াত সেই নির্বাচনে যেতে প্রস্তুত।

এসময় জামায়াতের নেতারা বলেন, আগামী নির্বাচনে বিএনপি হবে বিরোধী দল, আর জামায়াত হবে সরকারি দল। পিআর পদ্ধতি সবাই বুঝে। শুধু বিএনপিই পিআর বুঝে না। তারা বুঝেও না বুঝার ভান করে। কর্মসূচীতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহাজাহান, মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলাম, সেক্রেটারি নুরুল আমিন। পরে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে একটি বিশাল মিছিল লালদিঘীর পাড়, কোতোয়ালি হয়ে নিউমার্কেট  প্রদক্ষিণ করে।

Tags :

সর্বশেষ