সমাজে নারীর প্রতি যেকোন সহিংসা, শারী ও মানসিক নির্যাতন রোধে সব শ্রেণি পেশার মানুষকে সমন্বয়িতভাবে কাজ করতে হবে। এতে সমাজে নারীর প্রতি সহিংসতা কমবে৷ এজন্য নারীর ক্ষমতায়ন ও সমাজপতিদের মানসিকতার পরিবর্তন ঘটানোর পাশাপাশি সচেতনতা সৃষ্টি জরুরী৷
শনিবার (২৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের দেওয়ানবাজার সিরাজ উদদৌলা রোড়স্থ যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) এর কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। পারায়ন প্রকল্পের আওতায় নারীর প্রতি সহিংসতা রোধ, আইনগত সহায়তা প্রদান কর্মসূচি, নারীর অধিকার সর্বোপরি লিঙ্গ সমতায়নে গণসচেতনতার সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করা হয় ওই সভায়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এতে সূচনা বক্তব্য রাখেন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক কবি সাঈদুল আরেফীন। পরে পরিচয় পর্ব দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেএসইউএস সহকারী পরিচালক (এসডিপি) মো. আরিফুল ইসলাম সংস্থা ও প্রকল্প সম্পর্কিত ধারনা দিতে গিয়ে জেএসইউএসের কার্যক্রম, জিবিভি, সামাজিক ও পারিবারিক পর্যায়ের নানা প্রসঙ্গ তুলে ধরেন। আমাদের সমাজ জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহ নিয়ে উপস্থিত সাংবাদিকরা অত্যন্ত খোলামেলা ও হৃদ্যতার সাথে নারীর অধিকার, পারিবারিক কলহ, জমিজমা নিয়ে বিরোধ, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, প্রভাবশীল মহল থেকে প্রকৃত সহযোগিতা ভিকটিমের বিচার না পাওয়ার আকুতি, নির্যাতন নিপীড়নের নানা প্রসঙ্গে মুক্ত আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বিপুল বড়ুয়া, বাংলানিউজ২৪ এর সিনিয়র করসপোন্ডেট আল রাহমান, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার এমরান এমি, দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার এম কে মনির, দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান রিপন, সিএন টিভির স্টাফ রিপোর্টার জোবাইদা ইয়াসমিন, দৈনিক পূর্ব প্রান্তের আলোকচিত্রী আসিফ ইকবাল, সিএনটিভির ক্যামেরা পারসন ও রিপোর্টার ফেরদৌস হোসাইন।
এছাড়া সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম ( ফিন্যান্স), এসিস্টেন্ট কোঅর্ডিনেটর মধু পুরোহিত , প্রশাসনিক ব্যবস্থাপক শারমীন পারভীন প্রমূখ। এতে জেএসইউ নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন বলেন, নারীদের এগিয়ে যাবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণে অনেক বেশি সচেতন হতে হবে সবাইকে।