মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:
পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। একইসাথে তারা পূজা উদযাপন কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তারা মন্দির প্রাঙ্গণে পূজারি, কমিটির সদস্য ও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য মোঃ আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি উপজেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সোহেল, মোঃ নুরুল ইসলাম মুরাদ, মোঃ ওমর ফারুক ও মোঃ জমির হোসেন।
নেতৃবৃন্দ বলেন, “পার্বত্য চট্টগ্রাম বহু জাতি, বহু ধর্ম ও বহু সংস্কৃতির মিলনস্থল। এখানে সকল ধর্মাবলম্বীর সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল ভিত্তি।” এছাড়া নাগরিক পরিষদের পক্ষ থেকে স্থানীয় জনগণকে আশ্বস্ত করা হয় যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা ও অধিকার রক্ষায় তারা সর্বদা সোচ্চার থাকবে। নেতারা আশা প্রকাশ করেন, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের কেন্দ্র নয়, বরং সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবেও সমাদৃত হবে।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ ধরনের সফর ও আর্থিক সহায়তা সংখ্যালঘু ধর্মাবলম্বীদের আস্থা ও নিরাপত্তাবোধকে আরও জোরদার করে। তারা নাগরিক পরিষদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।