তুরস্কে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে পাকিস্তানের কার্যকর কূটনৈতিক ভূমিকার প্রশংসা করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কের ‘আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম’-এর সাইডলাইনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং চলমান সংঘাত নিরসনে আলোচনার সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। সংঘাত থামাতে পাকিস্তানের সময়োচিত কূটনৈতিক প্রচেষ্টার জন্য ড. খলিলুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি উভয় নেতা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।