চট্টগ্রাম বুলেটিন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডারে পাঁচ বাংলাদেশী নিহত, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

মালদ্বীপের ধীগুরা দ্বীপে নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের শ্রমিক আবাসনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত হয়েছেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোরে সেহরির জন্য রান্না করার সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ওই সময় শ্রমিক কোয়ার্টারে মোট ৩৮ জন বাংলাদেশি অবস্থান করছিলেন। বিস্ফোরণের ফলে সাতজন শ্রমিক গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন, আর বাকিরা অন্য কক্ষে ঘুমিয়ে থাকায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। বিস্ফোরণের ফলে শ্রমিকদের আবাসনটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

Tags :

সর্বশেষ