চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামে বিরল বিস্ময়: অস্ত্রোপচার ছাড়াই ছয় সন্তানের জন্ম দিলেন মরিয়ম বেগম

চট্টগ্রামের মেহেদীবাগের ন্যাশনাল হসপিটালে কক্সবাজারের গৃহবধূ মরিয়ম বেগম একসাথে ছয় নবজাতকের জন্ম দিয়েছেন। ওই গৃহবধূর বয়স ত্রিশ বছর। কোনো অস্ত্রোপচারের ছাড়াই আজ শনিবার দুপুরে একে একে ছয়টি নবজাতক প্রসব করেন এই নারী। এর মধ্যে একজন পুত্র, আর পাঁচজন কন্যা।

জানা গেছে, শনিবার বেলা ১টা ১৮ মিনিটে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন মরিয়ম বেগম। আর তার ঠিক আধা ঘণ্টার মধ্যেই, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নাজনীন সুলতানার তত্ত্বাবধানে ফুটফুটে ৬ নবজাতকের জন্ম দেন মরিয়ম। এসময় চিকিৎসক ও নার্সরা অবাক হন।

হাসপাতাল সূত্র জানায়, শিশুগুলোর শারীরিক অবস্থা স্থিতিশীল। ওজনও সন্তোষজনক। যদিও সাবধানতার জন্য তাদের রাখা হয়েছে নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ)।

মরিয়মের এটাই প্রথম মাতৃত্ব নয়। এর আগেও তিনি জন্ম দিয়েছেন এক ছেলে ও এক কন্যার। এই আনন্দঘন মুহূর্তে মা ও শিশুদের পাশে ছিলেন না মরিয়মের স্বামী নূর আহমেদ। কেননা তিনি একজন প্রবাসী। তবে হাসপাতালে তার সাথে ছিলেন তার বাবা মঞ্জুরুল আলম। তবে তিনি যিনি আপাতত গণমাধ্যমের মুখোমুখি হতে চাননি।

হাসপাতালে ভর্তিদানকারী কর্মকর্তা শাহদাত হোসেন জানান, ‘দুপুরে তিনি ব্যথা নিয়ে ভর্তি হন। এরপর লেবার কক্ষে নিয়ে যাওয়া হয়। নাজনীন ম্যাডামের তত্ত্বাবধানে ছয়টি বাচ্চার জন্ম হয়। প্রত্যেক বাচ্চার ওজন মোটামুটি স্বাভাবিক। তাদের এনআইসিইউয়ে রাখা হয়েছে।’ মরিয়ম বেগমরা নগরের হিলভিউ আবাসিকে বসবাস করেন।

Tags :

সর্বশেষ