চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান নগরীর হালিশহরে বিস্ফোরণে দগ্ধদের দেখতে গিয়েছেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় বার্ণ এণ্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের তিনি দেখতে যান।
সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেইসাথে তিনি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আহতদের সর্ব্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় উপস্থিত চিকিৎসকদের কাছ থেকে দগ্ধদের বর্তমান অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত অবহিত হন তিনি।
সংসদ সদস্য সাঈদ আল নোমান চিকিৎসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজন হলে অতিরিক্ত সহায়তাও দেওয়া হবে।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হালিশহরে ঘটে যাওয়া ঘটনায় দগ্ধদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এদিকে সকাল সাতটায় জাতীয় বার্ণ এণ্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিউটে শাওন নামে ১৬ বছরের একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো। আরও ৭ জন সেখানে চিকিৎসাধীন আছেন।