ট্রাফিক সার্জেন্টরা অতিরিক্ত মামলা দেওয়ার প্রতিবাদে নগরের মুরাদপুর মোড়ে সড়ক অবরোধ করেছে টেম্পুচালকরা।
শনিবার (৮ মার্চ) বেলা ১১টার পাঁচলাইশ থানার মুরাদপুর মোড়ের বেলাল মসজিদের পাশে এ প্রতিবাদ জানান তারা।
পরবর্তীতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সুলাইমান ও স্থানীয়দের হস্তক্ষেপে বেলা ১২টার দিকে কর্মসূচি স্থগিত করা হয়। অবরোধকারীদের দাবি, ট্রাফিক সার্জেন্টরা অতিরিক্ত মামলা দেওয়ায় তারা এই কর্মসূচি পালন করছেন।
বিশেষ করে যেনতেনভাবে পার্কিংয়ের মামলা দেওয়া হচ্ছে। মুরাদপুরসহ নগরের বেশিরভাগ মোড়ে কোনো পার্কিং নেই। এতে করে সড়কের পাশে দাঁড়িয়ে তাদের যাত্রীদের ওঠা-নামা করতে হয়। এসময় সার্জেন্টরা মামলা দিচ্ছেন। একেকটি মামলা ৫ থেকে ৮ হাজার টাকা হওয়ায় বাধ্য হয়ে তাদের রাস্তায় নামতে হয়েছে বলে জানান তারা।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুলাইমান জানান, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। পরবর্তীতে কর্মসূচি স্থগিত করে তাদের দাবির বিষয়ে জানানোর জন্য থানায় একটি টিম আসতে বলি। বর্তমানে যানচলাচল শুরু হয়েছে।
এদিকে, ঘণ্টাখানেকের অবরোধের কারণে সড়কের একলেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে মুরাদপুরের আশপাশের এলাকা, বহদ্দারহাট, রাহাত্তারপুল, কালামিয়া বাজার ও নতুনব্রিজে তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কে আটকা পড়ে বাস-ট্রাকসহ শতশত গণপরিবহন। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।