চট্টগ্রাম বুলেটিন

নিরাপদ যাত্রা নিশ্চিতে মাঠে নেমেছে চট্টগ্রাম বিআরটিএ

ঈদের ছুটি শেষে অনেকেই ঘরে ফিরতে শুরু করেছে। আর ফিরতি যাত্রায় ফিটনেসবিহীন যান, বেপরোয়া গতি ডেকে আনে অনাকাঙ্খিত বিপদ। এসব ছাড়াও বাড়তি ভাড়া ও যাত্রীতো আছে। তবে দেশবাসীর যাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে মাঠে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) চট্টগ্রামে অভিযানে ৩৪ যানবাহনকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মইজ্জারটেকে এই অভিযান চালানো হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে বিআরটিএ চট্টগ্রামের আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়ার নেতৃত্বে বিভিন্ন যানবাহনকে ১৯টি মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা এবং ১টি অ্যাম্বুলেন্সকে দীর্ঘদিন কাগজপত্র হালনাগাদ না থাকায় ডাম্পিং করা হয়।

অন্যদিকে বিআরটিএ চট্টগ্রামের আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা’র নেতৃত্বে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মইজ্জারটেকে চলমান ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন যানবাহনকে ১৫ টি মামলায় ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের শেষে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া বলেন, “ঈদের লম্বা ছুটি কাটিয়ে সবাই নিজ-নিজ কর্মস্থলে ফিরছেন। এই সময় যাত্রীদের যেন কোনো ভোগান্তি পোহাতে না হয় এবং তারা নিরাপদে ফিরতে পারেন তা নিশ্চিত করতে আমাদের অভিযান চলবে।

এদিকে, লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম। সেখানে তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

 

Tags :

সর্বশেষ