চট্টগ্রাম বুলেটিন

চিকিৎসাধীন অবস্থায় জলদস্যুর পলায়ন, পুলিশের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে চমেক হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় দুধর্ষ আসামি জলদস্যু রফিক উল্লাহ পালিয়ে গেছে। তবে তাকে আবারও অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল ১৭ এপ্রিল সন্ধ্যায় সাতটায় কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাইন্যাখালী ২ নম্বর ওয়ার্ড আসাদ ফকিরের বাড়ি থেকে তাকে নগরের পাঁচলাইশ থানা পুলিশ গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান। এর আগে ১৬ এপ্রিল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ও ট্রমাটোলজি বিভাগ থেকে পুলিশের ২ কনস্টেবলকে চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। ওইদিন তাকে ছাড়পত্র দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

গ্রেপ্তার রফিক উল্লাহ (৩৪) কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়া নোনাবাড়ি এলাকার মফিজুর রহমান মজু বলির ছেলে। তার বিরুদ্ধে মহেশখালী থানায় ১৩ টি মামলা পাওয়া গেছে।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, মহেশখালীর একটি অস্ত্র মামলায় জলদস্যু রফিক উল্লাহ গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিল। অসুস্থতার কারণে তিনি গত ২৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চমেক হাসপাতালের অর্থোপোডিকস অর্থো সার্জারি ব্লকে চিকিৎসাধীন ছিলেন। ১৬ এপ্রিল দুপুরে হাসপাতালের অর্থোপেডিক্স এন্ড ট্রমাটোলজী বিভাগ তাকে ছাড়পত্র দেয়। এসময় তিনি সিএমপির কনস্টেবল মো. আব্দুল ও মো. মামুনের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা হলে পাঁচলাইশ থানার একটি টীম কক্সবাজার জেলার পেকুয়ায় অভিযান পরিচালনা করে আসামী রফিক উল্লাহকে (৩৪) গ্রেপ্তার করে। ওসি মোহাম্মদ সোলাইমান জানান, তাকে আজই আদালতে পাঠানো হচ্ছে।

Tags :

সর্বশেষ