বাংলার গ্রামীণ সমাজে মাটির তৈরি গুদাম ঘর একটি ঐতিহ্যবাহী নির্মাণশৈলী। চাটগাঁইয়া ভাষায় এটিকে মাইট্টা গুদাম বলা হয়ে থাকে। আঞ্চলিক ভাষায় একটি জনপ্রিয় গানও রয়েছে গুদাম ঘর নিয়ে। গানটি হলো, মাইট্টা গুদাম টইনর ছানি, ঝর ঝরাইয়া পরের পানি, আঁই ভিজিলে যেমন তেমন, তুঁই ভিজিলে পরান ধরপরাই। অর্থাৎ, মাটির গুদামে টিনের ছাউনি দেওয়া হয়েছে। বৃষ্টির দিনে সেখান থেকে ঝরঝর করে পানি পড়ছে। এমন দিনে গানটি প্রেমিক প্রেমিকাকে নিয়ে গাইলেন, বললেন, আমি এই বৃষ্টিতে ভিজলে মানা যায়, তুমি ভিজলে বুক ধরপর করে।
মাটির গুদাম কৃষিনির্ভর জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, যা যুগ যুগ ধরে মানুষের বসবাস ও শস্য সংরক্ষণের নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই গুদাম ঘরগুলো শুধু ব্যবহারিক দিক দিয়েই নয়, পরিবেশবান্ধব নির্মাণশৈলীরও এক উজ্জ্বল উদাহরণ। আগেকার দিনে পুকুরের মাটি তৈজসপত্র বানানোর পাশাপাশি কাঁচারিঘর বানানোর প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হতো। তবে আজকাল গ্রামবাংলা থেকে হারিয়ে গেছে মাটির তৈরি গুদামঘর। হারিয়ে গেছে সোনালী সেই অতীত। যদিও এখনো মাঝেমধ্যে দুয়েকটি গুদাম ঘরের দেখা পাওয়া যায়। তেমনি এক পুরোনো গুদামের দেখা মিলল সীতাকুণ্ড উপজেল ৮ নম্বর ওয়ার্ডের নুনাছড়া গ্রামে। ১৯৮২ সালে মাত্র ৩২০০ টাকায় পুকুরের মাটি দিয়ে গুদামঘরটি বানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন চৌধুরী। যা আজও ঠাই দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। সময়ের ব্যবধানে বাড়ির মালিক পাকা দালান করলেও ভাঙ্গেননি সেই ঐতিহ্যের মাটির গুদাম।
তিনি বলেন, আমি তখন মক্কা নগরীতে ছিলাম। দীর্ঘ সময় প্রবাস জীবন কাটাচ্ছিলাম। নিজ উদ্যোগেই বিদেশ থেকে টাকা পাঠিয়ে শ্রমিক নিয়োগ করে মাত্র ৩২০০ টাকা খরচে গুদাম ঘরটি বানাই। এটি আমরা কাঁচারি ঘর হিসেবে ব্যবহার করি। আগেকার দিনে কৃষি যন্ত্রপাতি রাখা ও শস্য সংরক্ষণে গুদামঘর বেশ কাজে আসতো। অনেকেই আবার গুদাম ঘরেই বসবাস করতো। তিনি বলেন, আগেকার দিনে বিভিন্ন ডিজাইনের গুদামঘর বানাতে আমরা দেখেছি। নতুন প্রজন্ম এই গুদামের সঙ্গে পরিচিত নয়। বাংলার হারানো এই ঐতিহ্য সংরক্ষণ করা প্রয়োজন বলে আমি মনে করি।
মাটির গুদাম ঘরের গঠন ও বৈশিষ্ট্য: মাটির তৈরি গুদাম ঘর সাধারণত কাঁচা মাটি, খড়, গরুর গোবর এবং মাঝে মাঝে চুনের মিশ্রণে তৈরি করা হয়। এর দেয়াল গা-গোলা মোটা ও শক্ত, যা বাইরে থেকে তাপ ঢুকতে দেয় না এবং ভিতরে শীতল পরিবেশ বজায় রাখে। ছাদ সাধারণত খড় বা টিন দিয়ে তৈরি হয়। এই ঘরগুলোতে ধান, গম, ডাল, শুকনো খাবার ও বীজ সংরক্ষণ করা হয়।
ব্যবহার ও উপকারিতা:১. শস্য সংরক্ষণ: মাটির গুদাম ঘর ভিতরের আদ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে, ফলে শস্য দীর্ঘদিন ভালো থাকে।
২. পরিবেশবান্ধব: এসব ঘরে কোনো রাসায়নিক বা প্লাস্টিকের ব্যবহার হয় না, ফলে পরিবেশ দূষণের ঝুঁকি থাকে না। ৩. সাশ্রয়ী নির্মাণ: স্থানীয়ভাবে পাওয়া কাঁচামাল দিয়ে সহজে ও কম খরচে এই গুদাম ঘর তৈরি করা যায়। ৪. জলবায়ু প্রতিরোধী: গরমে ঠান্ডা ও ঠান্ডায় উষ্ণ পরিবেশ বজায় রাখার ফলে এটি প্রাকৃতিকভাবে অনুকূল।
বর্তমান প্রেক্ষাপট: বর্তমানে ইটের দালান বাড়লেও মাটির গুদাম ঘর এখনো অনেক অঞ্চলে জনপ্রিয়। কিছু উন্নয়ন সংস্থা এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ ও সহায়তা দিচ্ছে। তবে, এই ঐতিহ্যকে রক্ষা করতে স্থানীয় উদ্যোগ ও সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি। মাটির তৈরি গুদাম ঘর শুধু এক টুকরো নির্মাণ নয়, এটি বাংলার পরিবেশজ্ঞান, জীবনযাত্রা ও ঐতিহ্যের পরিচায়ক। আধুনিকতা ও উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চললেও, এই প্রাকৃতিক ও টেকসই নির্মাণশৈলীর সংরক্ষণ আমাদের সবার দায়িত্ব।