রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি কক্সবাজারের জেলা প্রশাসক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর চেয়ারম্যান, কক্সবাজার জেলা পুলিশ সুপার ও কক্সবাজার টুরিষ্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি’র সাথে মতবিনিময় করেছে।
গত ২২ ও ২৩ জুন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যরা কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন, পুলিশ সুপার, মোঃ সাইফুদ্দীন শাহীন ও কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি (টুরিষ্ট পুলিশ) মোঃ আপেল মাহমুদের সাথে তাদের দপ্তরে পৃথকভাবে এসব মতবিনিময় করেন।
সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং দেশের একমাত্র পর্যটন নগরী কক্সবাজারে পর্যটন শিল্প সংশ্লিষ্ট আবাসন ব্যবস্থাপনা ও প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্থবিরতা বিরাজ করছে। সেইসাথে এখানে আছে পর্যটকদের নিরাপত্তার নানা অভাব।
এ সময় তিনি আরও বলেন, দেশী বিদেশী পর্যটকদের আকৃষ্ট করার জন্য এসব সমস্যা সমাধান করতে করতে হবে। এতে পর্যটন খাত থেকে সরকার শতশত কোটি টাকা রাজস্ব আয় করতে পারবে। কক্সবাজারে রিহ্যাব সদস্যরা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ প্রকল্পের নির্মাণ অনুমোদন না পাওয়ার কারণে এক দিকে ডেভেলপার, ভূমিমালিক, ফ্ল্যাট ক্রেতা প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে সরকারও শতশত কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ সময় তিনি কক্সবাজার পর্যটন শিল্পে বিরাজমান স্থবিরতা নিরসনে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের আন্তরিক সহযোগীতা কামনা করেন।
মতবিনিময় সভায় কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন পর্যটন শিল্প সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের জন্য জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রিহ্যাব এবং কক্সবাজারের সকল অংশীজনদের নিয়ে আগামী জুলাইয়ের মধ্যে একটি সমন্বয় সভা আয়োজন করার সিদ্ধান্ত দেন।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন, পুলিশ সুপার মোঃ সাইফুদ্দীন শাহীন ও টুরিষ্ট পুলিশ, কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজ মোঃ আপেল মাহমুদ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে সমন্বয় সভা আয়োজনের আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ জনাব মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য জনাব সৈয়দ ইরফানুল আলম, মিস শারিস্থ বিনতে নূর, জনাব মোঃ মাঈনুল হাসান।