চট্টগ্রাম বুলেটিন

সাইফুজ্জামান চৌধুরীর দুই বাংলাদেশি এজেন্ট ধরা

আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থপাচার কাণ্ডে বড় পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল এবং ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক মো. আবদুল আজিজকে।

দুদক সূত্র জানায়, জাবেদের বিদেশে সম্পদ অর্জন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন উৎপল পাল। দুবাই হয়ে যুক্তরাজ্য পর্যন্ত অর্থপাচার চক্রের “মাস্টারমাইন্ড” হিসেবেই তাকে দেখা হচ্ছে। তার কাছ থেকে জব্দ হওয়া ল্যাপটপ ও মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। অন্যদিকে আবদুল আজিজ কাজ করতেন দেশের সম্পদ ক্রয়-বিক্রয় ও ব্যবস্থাপনার দায়িত্বে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুজনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে দুদক।

এদিকে জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতসহ অর্ধডজন মামলার তদন্ত চলছে। ইতিমধ্যেই তাদের বিদেশের শত শত বাড়ি-জমি ও ব্যাংক হিসাব ক্রোক ও ফ্রিজের আদেশ দিয়েছে আদালত।

Tags :

সর্বশেষ