হাবিবুর রহমান সোহানের বিধ্বংসী শতকে এশিয়া কাপ রাইজিং স্টার্সে হংকংকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯ ওভারেই জয় তুলে নেয় টাইগাররা।
হংকংয়ের বিপক্ষে রান তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন সোহান। মাত্র ১৪ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি—যা বাংলাদেশের কোনো ব্যাটারের সবচেয়ে দ্রুততম ফিফটি। ২৫ বলেই ৮৮ রানে পৌঁছে যান এ ওপেনার। এক পর্যায়ে মনে হচ্ছিল, টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দেবেন তিনি। তবে সঙ্গী জিসান ও জাওয়াদের আউটের পর তার ইনিংস কিছুটা ধীর হয়।
তবুও মাত্র ৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক হন সোহান। তার ইনিংসে ছিল ৮ চার ও ১০ ছক্কা। শেষ পর্যন্ত ১০০ রানে অপরাজিত থাকেন তিনি।
অন্য প্রান্তে আকবর আলীও আগ্রাসী ব্যাটিং করেন। কিঞ্চিত শাহের করা ১১তম ওভারের শেষ পাঁচ বলেই ছক্কা হাঁকান তিনি। ১৩ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন আকবর।
এর আগে দোহায় টসে জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ ‘এ’ দল। শুরুতেই জিশান আলিকে ফিরিয়ে দেন রিপন মন্ডল। এরপর ইয়াসিম ও বাবর হায়াত ইনিংস গড়ে তোলেন। ইয়াসিম ২২ বলে ৪০ রান করে বিদায় নেন। বাবর খেলেন ৪৯ বলে ৬৩ রানের ইনিংস।
শেষ দিকে শিভ মাতুর ও কিঞ্চিত শাহর ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান তোলে হংকং। মাতুর ৮ বলে ১২ এবং কিঞ্চিত ৪ বলে ২০ রান করেন। দুজনেই রানআউট হন।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিপন মন্ডল ও এস এম মেহেরব হোসেন। একটি উইকেট পেয়েছেন আবদুল গাফফার সাকলাইন।