কক্সাবাজারের টেকনাফের নাজিরপাড়ায় নৌবাহিনী অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরুফে বদাফুলাকে গ্রেপ্তার করেছে।
গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি সোমবার বিকালে নৌবাহিনীর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, শীর্ষ সন্ত্রাসী শামসুল হক ওরফে বদাফুলার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গোলা, শর্টগানের ২ রাউন্ড তাজা গোলা এবং ১টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।
টেকনাফ থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানুষকে জিম্মি করে অর্থ আদায় ও জোর পূবর্ক জমিদখলসহ বিভিন্ন অপরাধে জড়িত। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এতে আরও বলা হয়, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনীর সক্রিয় ভূমিকা পালন এবং একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।