চট্টগ্রাম বুলেটিন

কারাগার থেকে বের হওয়ার পর জঙ্গল ছলিমপুরে কখনও আমার পা পড়েনি: আসলাম চৌধুরী

চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ২০ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে কখনও জঙ্গল ছলিমপুরে আমার পা পড়েনি। সেখানে সন্ত্রাসীদের হাতে র‍্যাব সদস্য নিহতের ঘটনায় বিএনপি নেতাকর্মী কারোরই কোনো সংশ্লিষ্টতা নেই। বিভিন্ন গণমাধ্যম ও স্যোশাল মিডিয়ায় বিএনপির নাম জড়িয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা সর্বৈব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম-৪ আসনে সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী এসব কথা জানান৷ ওই বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সন্ত্রাসীদের হাতে র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব নিহত হওয়ার ঘটনায় আমরা বাকরুদ্ধ এবং হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে দোষীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তিনি আরও জানান, প্রকৃতপক্ষে ২০২৪ সালের ২০ আগস্ট কারাগার থেকে বের হওয়ার পর অদ্যাবধি আমি নিজে জঙ্গল সলিমপুরে যাইনি কিংবা দলের কোনো কার্যক্রমও সেখানে পরিচালিত হয়নি। সুতরাং সেখানে আমার কিংবা বিএনপি’র কারো নাম আসা পুরোটাই অপ্রাসঙ্গিক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফায়দা হাসিলের উদ্দেশ্যে কুচক্রী মহল বিএনপির নাম জড়িয়ে মিথ্যা ও বানোয়াট গল্প স্যোশাল মিডিয়ায় প্রচার করে। এতে লায়ন আসলাম চৌধুরী সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সচেতনতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, মিথ্যা ও বানোয়াট লেখার মাধ্যমে যাতে অন্যের ভাবমূর্তি ক্ষুন্ন না হয়, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি।

 

Tags :

সর্বশেষ