ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম–০২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন শিক্ষা ও জবাবদিহিতামূলক কল্যাণ রাষ্ট্র গঠনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে তিনি ফটিকছড়ি উপজেলার ১০ নম্বর সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন।
গণসংযোগকালে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “আমি ফটিকছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন নিশ্চিত করব। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। শিক্ষা ও মানবিক উন্নয়ন ছাড়া টেকসই সমাজ গঠন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “জবাবদিহিতামূলক, দুর্নীতিমুক্ত ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি করতে হবে। এটি কোনো একটি দলের আন্দোলন নয় বরং জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে একটি সম্মিলিত সংগ্রাম।”
গণসংযোগের অংশ হিসেবে তিনি সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দুঃখ-কষ্ট, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, সুন্দরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সিরাজুল হকসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গণসংযোগে অংশ নেওয়া এলাকাবাসী আগামী দিনের নেতৃত্বে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।