বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী বলেছেন, একটি রাজনৈতিক সংগঠনের আসল শক্তি তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ, ধৈর্য ও সংগ্রামের ওপর দাঁড়িয়ে থাকে। বড় নেতারা ভুল করতে পারেন, কিন্তু তৃণমূল কখনও বেইমানি করে না।
শুক্রবার বিকেলে সীতাকুণ্ড উপজেলায় নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, তৃণমূল নেতাকর্মীদের ওপর আস্থা রেখেই কেন্দ্রীয় নেতৃত্ব শেষ সময়ে তাকে ধানের শীষ প্রতীক দিয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে তৃণমূলের অবদানই নেতৃত্বকে টিকিয়ে রেখেছে এবং শক্ত অবস্থানে নিয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য তুলে ধরে তিনি বলেন, “আন্দোলন করতে হলে আসলামের মতো করো”—এটি তৃণমূলের প্রতি নেতৃত্বের আস্থার প্রতিফলন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পেছনে সাংগঠনিক দুর্বলতা বড় ভূমিকা রেখেছে। এসব দুর্বলতা চিহ্নিত করে সংশোধন না করলে ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
সংগঠনের ভেতরে আত্মসমালোচনা, বিশ্লেষণ এবং কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর কৌশল গ্রহণের আহ্বান জানান।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিপক্ষ যেভাবে সাধারণ বিষয়কেও সাংগঠনিক শক্তিতে রূপ দেয়, তেমনি জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে। সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ বাড়ালে জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে এবং সংগঠন আরও শক্তিশালী হবে।
তিনি উল্লেখ করেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে সীতাকুণ্ডে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ সময় অনেক নেতাকর্মী মামলা, হামলা, নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন। ভবিষ্যতে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সভাপতি হাসান জসিম, সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ৯০টি ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা যুবদলের আংশিক নেতৃত্ব পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। সভাপতি ফজলুল করিম চৌধুরী ও সাধারণ সম্পাদক খোরশেদ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর নতুন করে শাহাবুদ্দিন রাজুকে সভাপতি এবং মোহাম্মদ ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা করা হয়নি।