চট্টগ্রাম বুলেটিন

কিংবদন্তি রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান চসিকের মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত

বিএনপির রাজনীতিতে কিংবদন্তি খ্যাত প্রয়াত মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানকে মহান স্বাধীনতা আন্দোলনে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর ‘স্বাধীনতা পদক’ প্রদান করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। শনিবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত বইমেলার সমাপনী অনুষ্ঠানে এই পদক তুলে দেন চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন। প্রয়াত নেতার পক্ষ থেকে পদকটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।

জানতে চাইলে এক আবেগঘন বক্তব্যে এ এম নাজিম উদ্দিন বলেন, ” আবদুল্লাহ আল নোমান ছিলেন প্রকৃত অর্থেই কর্মী গড়ার কারিগর। তিনি সারাজীবন জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় নিরলস কাজ করেছেন। সেই সাথে সমাজসেবাকে ব্রত হিসেবে নিয়েছিলেন। তিনি রাজনীতির এক জীবন্ত ডায়েরী। চট্টগ্রামে এমন কোনো রাজনৈতিক কর্মী খুঁজে পাওয়া যাবে না, যিনি নোমান ভাইয়ের সান্নিধ্য পাননি। তাঁর কর্মী নন সেটা চট্টগ্রামের কোন নেতা বলতে পারবেন না। তিনি নেতা তৈরি করেছেন দলের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু রেখে গেছেন এক বিশাল রাজনৈতিক উত্তরাধিকার ও সুযোগ্য নেতৃত্ব।”

তিনি আরও উল্লেখ করেন, আবদুল্লাহ আল নোমানের সুযোগ্য সন্তান সাঈদ আল নোমান বর্তমানে একজন সংসদ সদস্য হিসেবে বাবার জনসেবার ধারা বজায় রাখছেন এবং সম্প্রতি তিনি বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সদস্য হিসেবে চীন সফর করেছেন। তার পরিবারের সদস্য না হয়েও আমি পদক গ্রহণ করতে পারায় গর্বিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস. এম. নছরুল কদির এবং বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু।

এদিকে আবদুল্লাহ আল নোমানকে চসিকের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করায় চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে সন্তোষ বিরাজ করছে। চসিকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক এবং ছাত্রসমাজ।

অপরদিকে প্রয়াত আব্দুল্লাহ আল নোমান ছাড়াও আরো সাতজন বিশিষ্ট গুনীজন এবং তিনটি সেবামূলক সংস্থাকে স্বাধীনতা পদকে ভূষিত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এছাড়াও সাহিত্য সম্মাননা পেয়েছেন আরো পাঁচজন।

Tags :

সর্বশেষ