ডেস্ক রিপোর্ট
চট্টগ্রামের সন্দ্বীপে দেশীয় তৈরি ওয়ানশুটার গান (এলজি) সহ মাহফুজুর রহমান রিমন (২৮) নামে এক যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে সন্দেহভাজন সহযোগী হিসেবে শামীম মাহমুদ (৩০) নামে তার এক প্রতিবেশীকেও আটক করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় সন্দ্বীপ থানার বাউরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আমানের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি সুজন হালদারের নেতৃত্বে সন্দ্বীপ থানা পুলিশের একটি চৌকস দল বাউরিয়া ইউনিয়নের আমানের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে মাহফুজুর রহমান রিমনের কাছ থেকে ১টি এলজি উদ্ধার করা হয়। পরে রিমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে অভিযান চালানো হয়। এতে অস্ত্র কেনাবেচা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে একই বাড়ির প্রতিবেশী শামীম মাহমুদকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এই বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার বলেন, ” এসপি মহোদয়ের নির্দেশে সন্দ্বীপ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।” অপরাধী যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান ওসি। থানা পুলিশ জানিয়েছে, মূল আসামি মাহফুজুর রহমান রিমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।