জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত যাত্রীর নাম ছানোয়ারা বেগম (৫৫)। তাঁর বাড়ি চট্টগ্রামে।
আজ ২৬ আগস্ট (বুধবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট BG136 চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করার পর মাঝআকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছানোয়ারা বেগম। যাত্রীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে ফ্লাইটটি ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ (ডাইভার্ট) করানো হয়। সেখানে বিমানবন্দর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে মাস্কাটে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে ফ্লাইটটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় এবং আজ অপরাহ্ন আনুমানিক ২:৪০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।