জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল দল থেকে পদত্যাগ করেছেন। দলীয় নেতৃত্বে বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সোমবার (২৮ জুলাই) তিনি পদত্যাগ করেন। বিষয়টি তিনি নিজের ফেসবুক পোস্টে ঘোষণা দেন।
পোস্টে নীলা লিখেন, ‘আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।’ তিনি দাবি করেন, এনসিপির ভেতরে নারী হেনস্তার ঘটনায় অপরাধীর বিচার না হওয়ায় এবং দলীয় নীরবতার সংস্কৃতির প্রতিবাদে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। নীলা আরও লিখেছেন, ‘এনসিপি একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয়, সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।’ তিনি অভিযোগ করেন, ‘একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করেছে যে ব্যক্তি, তার বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেয়নি। বরং সেই ব্যক্তি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমন পরিবেশে কোনো মতাদর্শ বা ন্যায়ের প্রতিনিধিত্ব সম্ভব নয়। সব সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে নীলা ইস্রাফিল লেখেন, ‘আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি রিজেক্ট করলাম। পোস্টের শেষে নীলা বলেন, ‘আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।’