আগামীকাল ৩০ মে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী৷ দিনটি উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তাঁর প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারতের কর্মসূচি গ্রহণ করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকালে নগরী থেকে নেতাকর্মী ও সহকর্মীদের সাথে নিয়ে রাঙ্গুনিয়ার উদ্দেশ্যে রওনা হবেন সাঈদ আল নোমান। শুক্রবার রাতে এক বার্তায় তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের এই কর্মসূচিতে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় সাঈদ আল নোমান বলেন, “আগামীকাল ৩০ মে, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী। এই শোকের দিনে তাঁর প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারতের উদ্দেশ্যে আমি রওনা দিতে চাই। আপনাদের সকলের (চট্টগ্রামস্থ) আন্তরিক উপস্থিতি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কাম্য।”
জানা যায়, শনিবার সকাল ১০:৩০ মিনিটে চট্টগ্রামের নগরীর ভিআইপি টাওয়ার সম্মুখ সড়ক থেকে রাঙ্গুনিয়ার উদ্দেশ্যে গাড়ি বহর রওনা হবে।
উল্লেখ্য, প্রতি বছরই ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় অবস্থিত তাঁর প্রথম পবিত্র মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এবং ফাতেহা পাঠ করতে ঢল নামে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের। এবারও ৪৫তম শাহাদাত বার্ষিকীতে সেখানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।