নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগর এলাকার গ্রীন ভ্যালি-২ আবাসিক এলাকায় অবৈধভাবে নাগিন পাহাড় কর্তন করছিল একটি চক্র। তবে অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৭ মে) সকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয় বায়েজিদের চন্দ্রনগরে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পাহাড় কাটার কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং এই ঘটনার সাথে জড়িত জমির মালিক বাবুল বণিককে শুনানির নোটিশ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঈদের ছুটিকে কাজে লাগিয়ে নগরের চন্দ্রনগর গ্রীন ভ্যালি-২ এলাকায় পাহাড় কাটছিল একটি চক্র৷ এমন সুনির্দিষ্ট অভিযোগ আসলে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা এনফোর্সমেন্ট টিমকে জানান, পাহাড়ের পাদদেশ কেটে ফেলা হয়েছে। এতে পরিবেশ হুমকিতে পড়েছে। তারা আরও জানান, মোচনকৃত পাহাড়টির মালিক বাবুল বণিক নামক এক ব্যক্তি। টিমের উপস্থিতিতে সেখানে অবৈধ পাহাড় কাটার সত্যতা মেলায় কাজটির ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করে তা বন্ধ করে দেওয়া হয়।
সচেতনতামূলক প্রচারণা:
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা স্থানীয় জনসাধারণের মাঝে পাহাড় কাটার কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন এবং এ বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালান বলে জানানো হয়। ভবিষ্যতে এলাকায় কোথাও পাহাড় কর্তন বা পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড দেখলে দ্রুত পরিবেশ অধিদপ্তরকে অবহিত করার জন্য স্থানীয় বাসিন্দাদের অনুরোধ জানানো হয়।
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয় জানিয়েছে, অভিযুক্ত ভূমির মালিক বাবুল বণিককে ইতিমধ্যে কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য শুনানির নোটিশ প্রদান করা হয়েছে। শুনানির প্রক্রিয়া শেষ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।