চট্টগ্রাম নগরের সিআরবির সাত রাস্তার মাথা থেকে হালিশহরের বিডিআর মাঠ পর্যন্ত সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সমগ্র বাংলাদেশ নামে একটি সংগঠন এভারেস্ট ক্যাম্প বিজয়ী দেশের অন্যতম জনপ্রিয় সাইক্লিষ্ট তাম্মাত বিল খয়েরকে সংবর্ধনা দেওয়া উপলক্ষে এ র্যালির আয়োজন করে। এতে সহযোগী ছিল চট্টগ্রাম ভিত্তিক আরও কয়েকটি সংগঠন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ র্যালি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি তাম্মাত বিল খয়ের। এতে আরও উপস্থিত ছিলেন, স্কুল অলটারনেটিভের সিইও শাহিদুল আলম বরাত, সমগ্র বাংলাদেশের সিইও মাহিদুল ইসলাম নকিব। এতে আরও উপস্থিত ছিলেন হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটির নেতৃবৃন্দ।
মূলত, সাহসিকতা, উদ্যম এবং বাংলাদেশের তারুণ্যের অদম্য চেতনা অটুট রাখতে “আমরাও পারি” শীর্ষক শিরোনামে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আয়োজনকরা জানিয়েছেন, বাংলাদেশের তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চেতনায় অনুপ্রাণিত করা এবং তাম্মাতের অসাধারণ অর্জনকে উদযাপন করা এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এতে উপস্থাপনায় ছিলেন স্কুল অলটারনেটিভ। আর ইভেন্ট পার্টনার ছিল কবুল ইভেন্ট আর ট্রাভেল পার্টনার ছিল ট্রিপনাও লিমিটেড।
স্কুল অলটারনেটিভের সিইও শাহিদুল আলম বরাত তার বক্তব্যে বলেন, “তাম্মাত দেখিয়েছেন যে ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে যে কোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব। তাঁর এই অর্জন আমাদের যুবসমাজের জন্য এক অনন্য উদাহরণ।
সমগ্র বাংলাদেশের সিইও মাহিদুল ইসলাম নকীব বলেন, “আমাদের লক্ষ্য হলো এমন প্রতিভাবানদের কাজকে সবার সামনে তুলে ধরা, যারা নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়নে কাজ করতে অনুপ্রাণিত করে। ‘আমরাও পারি অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি যে বাংলাদেশি তারুণ্যের পক্ষে সবই সম্ভব।”
এতে বক্তারা বলেন, “আমাদের সংগঠন সবসময়ই সামাজিক উন্নয়ন এবং উৎসাহমূলক কার্যক্রমে বিশ্বাস করে। আজকের এই আয়োজন, তাম্মাত বিল খয়েরের সম্মাননা প্রদানের জন্য, আমাদের কাছে অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। এটি আমাদের নতুন প্রজন্মকে সাহসী উদ্যোগ এবং উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করবে। স্কুল অল্টারনেটিভ ও সমগ্র বাংলাদেশকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানাই”।
তারা আরও বলেন, “এই ইভেন্টের সাক্ষী হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি শুধু আমাদের এলাকার জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য একটি অনুপ্রেরণামূলক দিন। তাম্মাতের এই দুঃসাহসিক যাত্রা আমাদেরকে দেখিয়েছে, ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে যে কোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব। আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”
জানা যায়, বিকাল তিনটায় সিআরবি থেকে শুরু হওয়া সাইকেল র্যালিতে অংশ নেন দেশ-বিদেশের ৩০০ সাইক্লিষ্ট। এসময় র্যালিটি টাইগারপাস, দেওয়ানহাট, আগ্রাবাদ এক্সেস রোড়, নয়াবাজার প্রদক্ষিণ করে হালিশহর বিডিআর মাঠে শেষ হয়। এরপর সেখানে তাম্মাত বিল খয়েরকে ফুল দিয়ে বরণ করা হয়। কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে তাম্মাত বিল খয়েরকে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে সমগ্র বাংলাদেশের থিম সং উন্মোচন এবং প্রশ্নোত্তর পর্বে উত্তর দেন তাম্মাত বিল খয়ের।
তাম্মাত বিল খয়ের বলেন, সমগ্র বাংলাদেশ এর আয়োজনে “আমরাও পারি” অনুষ্ঠানটি সাইক্লিষ্ট, তরুণ প্রজন্ম এবং পরিবেশ প্রেমীদের মাঝে নতুন উদ্যম সৃষ্টি করেছে। ভবিষ্যতে এ ধরণের আয়োজন আরও বেশি উৎসাহ ও অনুপ্রেরণা ছড়িয়ে দেবে বলে আমার বিশ্বাস।