কারামুক্তির পর নিজ এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পুলিশের গুলিতে পা হারানো ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফ।
সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর নগরীর আমিন শিল্প এলাকা ও বার্মা কলোনিতে তাকে উষ্ণ ও ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
জানা গেছে, গত শুক্রবার নগরীর বার্মা কলোনি এলাকায় যুবদল নেতা মো. মাসুদের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী সাইফুল ইসলাম সাইফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর পরদিন শনিবার আমিন শিল্প এলাকায় ‘নবীনগর উন্নয়ন কমিটি’র পক্ষ থেকে এই ছাত্রনেতাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠান ও শুভেচ্ছা বিনিময় শেষে সাইফুল ইসলাম সাইফের ভাই, জুলাই আন্দোলনের যোদ্ধা মো. শাহীন ‘নবীনগর উন্নয়ন কমিটি’র সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে জসিম উদ্দিন, খোকন এবং জেএইচ রানাকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম সাইফ সবসময় তাদের সুখে দুখে পাশে ছিলেন। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে তিনি একজন প্রার্থীর হয়ে কাজ করছিলেন। কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। পুরো নির্বাচন প্রক্রিয়া থেকে তাকে বিরত রাখতেই কারাগারে পাঠানো হয় মিথ্যা মামলায়
নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফ দলের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “আমাকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আজ ষড়যন্ত্রের জাল ভেদ করে জামিনে মুক্ত হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি।”
তিনি নেতাকর্মীদের কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, “দলের কিংবা আমার নাম ভাঙিয়ে কেউ যেন কোনো ধরনের অপকর্ম বা অন্যায় করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় দৃঢ়।”
এ সময় তিনি দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির ধারা বজায় রাখতে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং তাঁর হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানগুলোতে স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।