টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছিল এলাকাবাসী৷ বছরের পর বছর সংস্কার না থাকায় এই দূর্ভোগ দিনদিন আরও বাড়ছিল৷ বৃষ্টিকালে হাঁটু পানি মাড়িয়েই স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শতশত নারী-পুরুষকে কষ্টে যাতায়াত করতে হয়। এ দশা থেকে মুক্তি দিতে সরকারি কোন উদ্যোগ নেওয়া না হলেও এগিয়ে এসেছেন উপজেলা জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারি ও উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি কুতুব উদ্দিন শিবলী৷ তিনি নিজ অর্থায়নেই রাস্তাটিসহ ড্রেন সংস্কারের উদ্যোগ নেন৷
মঙ্গলবার (১৫ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে ভাটিয়ারী ইউনিয়নের দক্ষিণ জাহান বাবাদের আগার বাড়ি সড়কটির সংস্কার কাজ শুরু করেন৷ এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ৷ কাজ তদারকির স্বার্থে ভাটিয়ারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জমির উদ্দীনকে তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আগার বাড়ি সড়কের পানি নিস্কাসনে ড্রেইনের সংস্কার কাজ শেষ হয়েছে। এখন বৃষ্টি হলেও পানি দ্রুত খালে নেমে যাবে৷ এতে জলাবদ্ধতা থেকে একপ্রকার মুক্তি পাচ্ছি আমরা৷ তাছাড়া সড়কটি সংস্কার হলে আমাদের চলাচলে আরও সুবিধা হবে। এ দূর্ভোগ লাঘব করায় কুতুব উদ্দিন শিবলীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা।
জামায়াত নেতারা জানিয়েছেন, দুদিন আগেও পানিতে টুইটুম্বুর ছিল আগার বাড়ি সড়কটি৷ আজকের চিত্র পুরোটাই আলাদা৷ ড্রেন সংস্কার ও পরিস্কার করায় পানি আটকে থাকার সুযোগ নেই।