শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।
শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।
তিনি বলেন, আমরা বাড়ইপাড়া থেকে সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করেছি। বিস্তারিত পরে জানানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাকলিয়া এলাকায় জোড়া খুনের ঘটনায় সাজ্জাদ ও তার স্ত্রী আসামি। এ মামলায় সাজ্জাদকে আদালত গ্রেপ্তার দেখিয়েছেন। এ মামলায় উচ্চ আদালত থেকে গত ১০ এপ্রিল আগাম জামিন পান তামান্না শারমিন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আদালতের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি তিনি। তাই তাকে আজ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সময় তামান্না নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন দাবি করলেও সেই সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এর আগে ১৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তারের দুই সপ্তাহের মাথায় ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হন।
সেই জোড়া খুনের ঘটনায় ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন তামান্নাসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বর্তমানে কারাবন্দী ছোট সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১৫টি মামলা রয়েছে।

এদিকে তামান্না শারমিনকে গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে হাস্যোজ্জল চেহারায় থানায় হেঁটে যেতে দেখা যায়। এর আগে গত ১৫ মার্চ স্বামী সাজ্জাদকে পুলিশ গ্রেপ্তার করলে তামান্না শারমিন ফেসবুকে এক ভিডিও পোস্ট করে বলেন, যারা আমার স্বামীকে ধরিয়ে দিয়েছে তাদের জন্য এক বালতি সমবেদনা। অতি শীগ্রই আমি কাড়ি কাড়ি টাকা দিয়ে আমার স্বামীকে আমার কাছে নিয়ে আসবো। টাকার গরম দেখিয়ে করা ওই ভিডিও ব্যাপক আলোচিত হয়। তবে তামান্না বলেন পুলিশ তাকে দিয়ে জোর করে ওই ভিডিও ধারণ করায়। এর আগে তামান্না শারমিন বায়েজিদ থানার ওসি আরিফুর রহমানের বিরুদ্ধে ভ্রুণ হত্যার অভিযোগ এনে আদালতে একটি মামলা করেন। তবে সেই মামলাটি আদালত খারিজ করে দিয়েছেন। গত বছরের ডিসেম্বরে সাজ্জাদকে না পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। জোড়া খুন মামলা ছাড়াও তামান্নার বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদাবাজি ও পুলিশের কাজে বাধা দেয়ার আরও দুটি মামলা রয়েছে। তামান্না এসব মামলাকে ওসি আরিফের ষড়যন্ত্র হিসেবে দেখে আসছেন।