বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী। এতে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার শতশত নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসব কর্মসূচিতে যোগ দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি বের করে সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামী। এতে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ কুতুব উদ্দিন শিবলী, এডভোকেট আশরাফুর রহমান, উপজেলার শিল্প বাণিজ্য সম্পাদক শামসুল হুদা, ইউনিয়ন আমির কাজী জাহেদ ইমাম, সেক্রেটারি সেলিম জাহিদীসহ ইউনিয়ন ওয়ার্ড জামাতের নেতৃবৃন্দ।
এ সময় জামায়াত নেতা কুতুব উদ্দিন শিবলী তার বক্তব্য বলেন, ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের সঙ্গে না দিয়ে যদি ভারতের দিত তাহলে ১৯৭১ সালে আমাদের এই দেশ স্বাধীন হতো না। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীজ বপন হয়েছিল ৪৭ সালে ভারতের পেট থেকে বের হওয়ার কারণে। এদেশের অধিকাংশ মানুষ মুসলমান হওয়ায় আমাদেরকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এর মধ্যে দিয়ে আমরা বলতে পারি আমাদের স্বাধীনতার চেতনা ইসলাম। যদি কেউ বলে থাকে আমাদের স্বাধীনতার চেতনা ধর্ম নিরপেক্ষতাবাদ তাহলে ধরে নিতে হবে তারা ইতিহাস বিকৃত করেছে।
তিনি আরও বলেন, আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবসময় প্রস্তুত রয়েছি। স্বাধীনতা রক্ষায় যদি আবারো জীবন দিতে প্রস্তুতি নিতে হয় তাও আমরা নিব, সেই সিদ্ধান্ত নিতে আমরা পিছপা হবো না।
উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আশরাফুর রহমান বলেন, পাকিস্তান থেকে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামী থেকে মুক্তির জন্য আমাদের স্বাধীনতা। কিন্তুু স্বাধীনতার পর থেকে শেখ মুজিবুর রহমান ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করতে পারেনি। তার দল আওয়ামী লীগ ও শেখ হাসিনা সেই ধারা আরও শক্তিশালী করে স্বাধীনতা, স্বকীয়তাকে বিকিয়ে দেয়। এজন্য রাজনৈতিক গোলামী থেকে জাতির মুক্তি হয়নি। এদেশে যারা এতোদিন স্বাধীনতার ধ্বজাধারী ছিল তারা ইতিহাস বিকৃত করেছিল ন্যাক্কারজনকভাবে। কিন্তুু স্বাধীনতার সূচনা ১৯৭১ সালে হয়নি হয়েছে ৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে। ভাষা আন্দোলনে জামায়াতের অধ্যাপক গোলাম আজম প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাস্ট্র ভাষা বাংলা চাই শিরোনামে স্মারকলিপি দিয়েছিল।

এদিকে বিকাল সৈয়দপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময়ও উপস্থিত ছিলেন, উপজেলা জামাতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী। পরে বিকালে উপজেলা।জামায়াতের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জামায়াতের নেতারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মো. আবু তাহের, এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আশরাফুর রহমান, শিল্প ও বাণিজ্য এবং যুব বিভাগের সম্পাদক শামসুল হুদা, মিডিয়া সম্পাদক আবুল হোসেন, পৌর আমীর হাফেজ আলী আকবর প্রমুখ।
এর আগে সকালে সীতাকুণ্ড পৌরসদর বাজারে বিজয় র্যালী বের করে শ্রমিক কল্যাণ ফেডারেশন।