চট্টগ্রাম বুলেটিন

ভোটের কাউন্টডাউন শুরু, নভেম্বরেই প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ নভেম্বর প্রকাশ করা হবে তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, খসড়া তালিকার পিডিএফ ও মাঠপর্যায়ে লিংক পাঠানোর শেষ তারিখ ২৫ অক্টোবর। মুদ্রণ শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১ নভেম্বর। দাবি-আপত্তি ও সংশোধনের আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর, নিষ্পত্তির শেষ তারিখ ১৭ নভেম্বর। এরপর ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

এর আগে গত ৩১ আগস্ট সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি সচিব আখতার আহমেদ জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩০ জন।

তিনি আরও জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের অন্তর্ভুক্ত করে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Tags :

সর্বশেষ