মিরসরাইয়ের প্রাণ প্রকৃতি রক্ষা ও সামগ্রিক উন্নয়নের ভাবনা নিয়ে শাহিদুল ইসলাম চৌধুরী প্রণীত “নিরাপদ মিরসরাই” শীর্ষক ধারণাপত্র ঘোষণা করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মিরসরাইয়ের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ধারণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “মিরসরাইয়ের সার্বিক উন্নয়ন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সুসংগঠিত পরিকল্পনার বিকল্প নেই। এ লক্ষ্যকে সামনে রেখে আমি ‘নিরাপদ মিরসরাই’ রূপরেখা প্রণয়ন করেছি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে আমি এ ধারণাপত্র বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ ও আধুনিক মীরসরাই গড়ে তুলতে চাই।”
ধারণাপত্রে তিনি মিরসরাইবাসীর জন্য সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরাপত্তা, প্রাকৃতিক ও পরিবেশগত নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, নিরাপদ জাতীয় অর্থনৈতিক অঞ্চল, নিরাপদ শিক্ষা ব্যবস্থা, মাদকমুক্ত মিরসরাই ও তারুণ্য, নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা, নিরাপদ কৃষি ও ভূমি ব্যবস্থা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলা, নিরাপদ পর্যটন, নিরাপদ সামাজিক কার্যক্রম, নিরাপদ সাংবাদিকতা ও নিরাপদ রাজনীতি বিষয়ে বিশেষ দিকনির্দেশনা তুলে ধরেন।
এ সময় ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ছাত্ররাজনীতির একটি ঐতিহাসিক ভূমিকা রয়েছে। ২৪-এর বিপ্লবে ছাত্র রাজনীতির অবদান অপরিসীম। যারা রাজনীতি করে না তারা পরীক্ষার রেজাল্ট ভালো করলেও অন্যান্য কো-কারিকুলাম অ্যাকটিভিটিসে পিছিয়ে থাকে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “যেহেতু বিএনপি একটি বড় দল, তাই একাধিক প্রার্থী থাকতে পারে। তবে যারা ছাত্রদল, যুবদল ও বিএনপিতে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে আসছে, তারাই দল থেকে মনোনয়ন পাবে। মিরসরাইয়ের মানুষ আমাকে একজন ক্লিন ইমেজধারী প্রার্থী মনে করেন। তাই আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা করি। মতবিনিময় সভার শেষ পর্যায়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।