Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

শৃঙ্খলা ভঙ্গ করে ফেসবুকে লাইভ, সীতাকুণ্ড জামায়াতের সেই রুবেল আনসারীকে বহিস্কার

চট্টগ্রামের সীতাকুণ্ডে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে মো. রুবেল আনসারী নামে এক কর্মীকে বহিস্কার করেছে জামায়াতে ইসলামী। একইসাথে তাকে সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়েছে।

বিষয়টি চট্টগ্রাম বুলেটিনকে নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলী। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়৷

এতে বলা হয়, সংগঠনের সীতাকুণ্ড পৌরসভা শাখার কর্মী মো. রুবেল আনসারীকে সুনাম, শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে তাকে সংগঠনের সকল প্রকার কার্যক্রম থেকে এবং কর্মী ও প্রাথমিক সহযোগী সদস্য পদ থেকেও বহিস্কার করা হলো৷

গত ১৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে রুবেল আনসারী উদ্দেশ্যে প্রণোদিত বক্তব্য প্রদান করেন।এতে তিনি বলেন, “আওয়ামী লীগ নেতা সেলিমকে থানা থেকে ছাড়িয়ে আনতে চেষ্টা জামায়াত নেতার। যা সম্পূর্ণ মিথ্যা তথ্য। তার এ কর্মকাণ্ডে সংগঠনের ভাবমর্যাদা ক্ষুন্ন হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ উত্থাপিত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ইতিপূর্বে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক উপজেলা আমীর তাওহীদুল হক চৌধুরীকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও মর্যাদা বজায় রাখার স্বার্থে সিদ্ধান্ত মোতাবেক রুবেল আনসারীকে বহিষ্কার করা হলো এবং আরো কিছু জনশক্তিকে শৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্ক করা হয়েছে। একই সাথে অনলাইনে ও অফলাইনে জনশক্তিসমূহকে সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভূত নেগেটিভ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান করা হচ্ছে।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মু. কুতুব উদ্দিন শিবলী জানান, চট্টগ্রাম উত্তর জেলা, উপজেলা ও পৌরসভা শাখার সম্মিলিত সিদ্ধান্তে রুবেল আনসারীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে উপজেলার সাবেক আমির তাওহীদুল হক চৌধুরীকে বহিষ্কার করা হয়। আমাদের আরো কিছু জনশক্তিকে সতর্ক করা হয়েছে।

Tags :

সর্বশেষ