Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

চবি আলাওল হল সংসদের উদ্যোগ: মেডিকেল কর্ণার স্থাপন পাচ্ছে শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যাল্যের (চবি) আলাওল হল সংসদের উদ্যোগে হলে মেডিকেল কর্ণার স্থাপন করা হয়েছে। এতে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জাম যুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে চিকিৎসার জন্য শিক্ষার্থীদের আর বাইরে যেতে হবে না।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে আলাওল হল সংসদের নেতাদের উপস্থিতিতে মেডিকেল কর্ণার উদ্বোধন করা হয়।

জানা যায়, নতুন স্থাপিত মেডিকেল কর্ণারে প্রাথমিক চিকিৎসা সারঞ্জামের মধ্যে যুক্ত করা হয়েছে ডিজিটাল ওয়েট মেশিন, অটোমেটিক ব্লাড প্রেসার মেশিন, থার্মোমিটার, ব্যান্ডেজ, টেপ, স্যাভলন, বার্ন ক্রিম, মুভ ক্রিম, গজ, হেক্সিসল, গ্লাবস কাঁচি-চিমটাসহ প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সকল সরঞ্জাম।

আলাওল হল সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসিফ ইফতেখার বলেন, আমাদের প্রতিশ্রুতি ছিলো আলাওল হলের আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মেডিকেল কর্ণার উদ্বোধন করা। বিপি মেশিন, গজ, ব্যান্ডেজ, থার্মোমিটার, ছুরি, কাচি থেকে শুরু করে সকল প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এখানে থাকবে।

আলাওল হল সংসদের জিএস নুরনবী হাসান বলেন, শিক্ষার্থীদের দাবি এবং প্রয়োজনের প্রেক্ষিতে আমরা প্রশাসনকে প্রাথমিক চিকিৎসা সারঞ্জামের দাবি জানায়। আমরা আশা করি শিক্ষার্থীরা এসব সারঞ্জাম তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন এবং তারা উপকৃত হবেন।

আলাওল হল সংসদের ভিপি মো রাকিবুল বশর জানান, খেলাধুলা বা হাঁটাচলার সময় হোঁচট খেয়ে শিক্ষার্থীরা আহত হতে পারে। শিক্ষার্থীদের দাবি এবং প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ফার্স্ট এইড বক্স স্থাপনের জন্য আমরা প্রশাসনকে বলি। আমাদের দাবির প্রেক্ষিতে তারা আমাদের এগুলো সরবরাহ করে। এটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। যেকোনো প্রয়োজনে তারা এটি ব্যবহার করতে পারবে।

Tags :

সর্বশেষ