চট্টগ্রাম বুলেটিন

সাতকানিয়া ছনখোলায় ডাবল মার্ডার, বিভ্রান্তিকর সংবাদে জামায়াতের বিবৃতি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছনখোলা গ্রামে ডাবল মার্ডারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার হয়েছে। এসব সংবাদের প্রতিবাদে সাতকানিয়া জামায়াতে ইসলামী প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে।

সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন ও সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাইন, কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু তাহের ও সেক্রেটারি জায়েদ হোসেন, এওচিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আবু বক্কর ও সেক্রেটারি ফারুক হোসাইন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সোমবার (৩ মার্চ) রাতের ঘটনা একটি পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড। এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রাম বহু আগে থেকেই সন্ত্রাস প্রবণ এলাকা। এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সন্ত্রাসী নজরুল ইসলাম প্রকাশ মানিক চেয়ারম্যান ছনখোলা গ্রামের পাহাড়, পাহাড়ি গাছ ও ইটভাটাগুলো নিয়ন্ত্রণে নিতে একাধিকবার সন্ত্রাসী হামলা ও হত্যাকান্ড ঘটিয়েছে।

গ্রামের অনেক মানুষ মিথ্যা ও ভিত্তিহীন অসংখ্য মামলা দিয়ে সাধারণ মানুষের পাহাড়, ভূমি জবর দখল করেছিল। এলাকার মানুষ তার অত্যাচার, নিপীড়নে অতিষ্ট হয়ে তাকে বয়কট করে। তৎকালীন আওয়ামী সরকার ও প্রশাসনের সহযোগিতার ফলে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেনি।

এতে আরও বলা হয়েছে, বিগত ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনার পতনের পর সে এলাকা ছেড়ে আত্নগোপন করলেও তার বাহিনী ধরাছোঁয়ার বাইরে। মানিকের ভাই হারুন ও মমতাজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সন্ত্রাসীরা এখনো নানা অপকর্মে জড়িত। সোমবার রাতে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আওয়ামী দু:শাসনে নির্যাতিত ও ব্যবসায়ী নেজাম উদ্দিন ও আবু ছালেককে বিচারের কথা বলে ডেকে এনে মাইকে পূর্ব পরিকল্পিতভাবে ডাকাত আখ্যা দিয়ে গণপিটুনির নামে হত্যা করেছে। মূলতঃ চেয়ারম্যান মানিকের নির্দেশে তার ভাই মমতাজ ও হারুনের পরিকল্পনায় কুপিয়ে দুজনকে জঘন্যতম কায়দায় হত্যা করেছে যা মানবাধিকারের সুস্পষ্ট লংঘন।

একইভাবে বিগত ২০১৬ সালে মানিক চেয়ারম্যানের নেতৃত্বে জামায়াতের কর্মী কাঞ্চনার আবুল বশরকে নির্মমভাবে ছনখোলাতে হত্যা করা হয়েছিল। অবিলম্বে চিহ্নিত খুনীদের গ্রেফতার, ঘটনার গডফাদারদের বিরুদ্ধে মামলা ও বিচারের মাধ্যমে দৃস্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত না করে আসল হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

Tags :

সর্বশেষ