Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

সন্দ্বীপে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন: উষ্ণ সংবর্ধনা ও নানা কর্মসূচিতে অংশগ্রহণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দ্বীপউপজেলা সন্দ্বীপ সফর করেছেন প্রকৌশলী বেলায়েত হোসেন।

রোববার সকাল সাড়ে ৯টায় তিনি সীতাকুণ্ডের কুমিরা থেকে গুপ্তছড়া ঘাটে এসে পৌঁছান। সিডিএ চেয়ারম্যানকে বরণ করে নিতে ঘাটে সকাল থেকেই ঢল নামে সন্দ্বীপের সর্বস্তরের মানুষের।

সন্দ্বীপের মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত এই প্রকৌশলী সিডিএ চেয়ারম্যান মনোনীত হওয়ায় এলাকাবাসী তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। গুপ্তছড়া ঘাটে পৌঁছানোর পর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল এক বর্ণাঢ্য মিছিলসহকারে তাঁকে উপজেলা কমপ্লেক্সের দিকে নিয়ে যাওয়া হয়। এই সময় রাস্তার দুপাশে দাঁড়ানো সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি।
সফরকালে তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত একটি বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

সেখানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ দুনিয়ায় শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। জাহেলিয়াতের অন্ধকার যুগে মানব জাতিকে সত্যের পথের দিশা দেখিয়ে তিনি কোরআনের আলো ছড়িয়ে দেন। তিনি একই দিনে পৃথিবীতে আগমন করেন এবং একই দিনে তার ওফাত দিবস। আমরা তার উম্মত হতে পারে গর্বিত বোধ করছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া জীবনাদর্শই মানবজাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ। তার দেখানো পথেই আমাদেরকে চলতে হবে।

পরবর্তীতে সামাজিক সংস্থা ‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঘর উপহার প্রদান অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথেও একাধিক কর্মসূচীতে যোগ দেন বেলায়েত হোসেন।

দুপুরে সন্দ্বীপ উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রকৌশলী বেলায়েত হোসেন। এ সময় তিনি সন্দ্বীপের সার্বিক উন্নয়ন ভাবনা, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সিডিএর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে উন্মুক্ত আলোচনা করেন। একই সাথে তিনি গণমাধ্যমের মুক্ত স্বাধীনতা, মুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত নিয়েও গুরুত্বারোপ করেন।

বিকেলে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসা সেবা পর্যালোচনা করবেন এবং রোগীদের সার্বিক খোঁজখবর নেবেন বলে জানা গেছে।

Tags :

সর্বশেষ