চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে ব্রিটিশ আমলের লাল দালানের সামনে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের আওতায় তিন দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বন্দরনগরীতে।
রোববার (২৬ অক্টোবর) সকালে সিআরবিতে এই ট্রফি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস ও ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শাই হোপ যৌথভাবে ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচনের পর দুই অধিনায়ক ফটোসেশনে যোগ দেন। এসময় তারা সিআরবির পুরোনো রেল ইঞ্জিনেও ফটোসেশন করেন।
আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। প্রতিটি ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হবে। সেই হিসেবে আগামীকাল সোমবার থেকে খেলা শুরু হচ্ছে। এর আগে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। টি–টোয়েন্টিতেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেছেন অধিনায়ক লিটন দাস।
বাংলাদেশ দলের স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।