Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

আহত সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার মো. ছাবেরের ছেলে।

সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে ৫২ নম্বর সীমান্ত পিলার এলাকার শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ডুইল্যাঝিরি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশ-মিয়ানমার শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত ডুইল্যাঝিরি ক্যাম্প সংলগ্ন এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইনে বিস্ফোরণ ঘটে। এতে সীমান্ত এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিক মো. সাইফুল আহত হন। আহত সাইফুলকে চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়া হচ্ছে বলে জানা গেছে।ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে আমরা জেনেছি। এ নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে নজরদারি অব্যাহত রয়েছে।

Tags :

সর্বশেষ