চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ডে ডাকাত সর্দার নিজামসহ ৪ ডাকাত আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে আত্মগোপনে থাকা ডাকাত দলের সর্দার নিজাম উদ্দিন ওরফে নিজাম ডাকাতকে (৪৩) গ্রেপ্তার করেছে র‍্যাব। ডাকাত সর্দার নিজামসহ থানা পুলিশের পৃথক অভিযানে চারজন ডাকাতকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড পৌরসভার মধ্যম এয়াকুবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার (১৩ জানুয়ারি) র‍্যাব-৭ এর উপ-পরিচালক (মিডিয়া)  মো. সাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার নিজাম উদ্দিন সীতাকুণ্ড উপজেলার জোড় আমতল এলাকার শফিউল আলমের ছেলে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।

এছাড়া রোববার রাতে সীতাকুণ্ড থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বাড়বকুণ্ড ও জোড় আমতল এলাকা থেকে সাগর, সামীর ও ইকবাল নামে তিনজন ডাকাতকে আটক করেছে পুলিশ। তাদের তিনজনই বাড়বকুণ্ড ইউনিয়নের বাসিন্দা। তাদের প্রত্যাকের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার সেকেণ্ড অফিসার (এসআই) জাফর আহমেদ।

র‍্যাব-৭ এর উপ-পরিচালক মো. সাদমান সাকিব বলেন, গ্রেপ্তার এড়াতে আসামি নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। রবিবার গোপন সূত্রে সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি ব্যবস্থা শেষে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, র‍্যাব-৭ এর হাতে আটক ১ জন এবং পুলিশের অভিযানে তিনজনসহ মোট ৪ জন ডাকাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার নিজাম ডাকাত দলের সর্দার। আজ সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Tags :

সর্বশেষ