চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ডে বিএনপি-জামায়াত নেতারা কে কোথায় ঈদ করছেন?

রাত পোহালেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এই ঈদে সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা কে কোথায় ঈদ করছেন এ নিয়ে সীতাকুণ্ডবাসীর আগ্রহের কমতি নেই। দল দুটির নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে বিস্তারিত।

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এফসিএ এবার ঈদুল আযহার নামাজ আদায় করবেন সীতাকুণ্ড উপজেলা কেন্দ্রীয় ঈদ জামাতে পৌর সদরে। আসলাম চৌধুরী নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন। সীতাকুণ্ড কামিল (এমএ) মাদ্রাসার সামনে ডি.টি রোডের ওপর এ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করবেন সীতাকুণ্ড কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ ওসমান গনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ও সীতাকুণ্ড (চট্টগ্রাম-৪) আসন থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করবেন নিজ এলাকা ফৌজদারহাটের বায়তুল মামুর জামে মসজিদে। আনোয়ার সিদ্দিক চৌধুরী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান কাজী ছালাউদ্দিন এবার পবিত্র হজ্জব্রত পালনে মক্কায় অবস্থান করছেন বিধায় এবারের ঈদুল আযহা তিনি সেখানেই উদযাপন করেছেন। উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর ঈদুল আযহার নামাজ আদায় করবেন সীতাকুণ্ড কেন্দ্রীয় ঈদ জামাতে। উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন ঈদের নামাজ আদায় করবেন তার নিজ এলাকা কাজীপাড়া জামে মসজিদে। এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর, ইউসুফ নিজামী, বখতিয়ার উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় ঈদ জামাতে আসলাম চৌধুরীর সাথে ঈদ জামাতে অংশগ্রহণের কথা রয়েছে।

এদিকে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান ঈদুল আযহার নামাজ আদায় করবেন সীতাকুণ্ড পৌরসভার পশ্চিম আমিরাবাদ বায়তুল জান্নাত মসজিদের ঈদগাঁহ মাঠে। মাওলানা মিজান নিজেই উক্ত ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করবেন। সেক্রেটারি ও সাবেক কমিশনার আবু তাহের নামাজ আদায় করবেন নিজ এলাকা শিবপুর জামে মসজিদে।

উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তওহীদুল হক চৌধুরী ঈদের নামাজ আদায় করবেন সীতাকুণ্ডের কেন্দ্রীয় ঈদ জামাতে। প্রতিবারই তিনি কেন্দ্রীয় ঈদ জামাতে নামাজ আদায় করে থাকেন। উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী পবিত্র হজ্জব্রত পালনে মক্কায় অবস্থান করছেন। এছাড়া জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের নিজ নিজ এলাকায় ঈদ জামাতে শরীক হবেন।

 

সূত্র ইনকিলাব

Tags :

সর্বশেষ